

ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. আবু জাফর (কুসুম শেখ) আর নেই। তিনি দৈনিক কালবেলার সহসম্পাদক মো. লিখন হোসেনের বাবা।
বুধবার (৩ জুন) দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আবু জাফর কুসুম শেখ শৈলকুপার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম হাজী রওশন শেখের মেজো ছেলে। এছাড়া তিনি বর্তমান আইনমন্ত্রী ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের চাচাতো ভাই।
তিনি শৈলকুপা উপজেলার ১৩ নং উমেদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত ৯টায় মরহুমের নিজ বাসভবন বারইপাড়ায় জানাজা সম্পন্ন হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে বিশিষ্ট এই ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এছাড়াও জেলা প্রশাসক, ইউএনও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।