

নেত্রকোনার মদনে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অভিযানের সময় এক ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সৈয়দ মিঠু মিয়া নামে ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সৈয়দ মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীরা বিভিন্ন ধরনের হয়রানির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।
এ সময় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ তাকে কিছুটা দূরে সরে যেতে বললে তার সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় সৈয়দ মিঠুর হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর সৈয়দ মিঠু মিয়াকে আটক করা হয়েছে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।