

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল থেকে রিপন সেখ নামে এক যুবদল নেতার ওপর ককটেল বোমার হামলার ঘটনা ঘটে বগুড়ার ধুনট উপজেলায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাতে ধুনট শহর এলাকা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৬ জুন) দুপুরে তাকে আদালতের তোলা হয়। পরে বিচারক জাহাঙ্গীরকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর। তিনি ধুনট সদরপাড়ার এলাকার বাসিন্দা, তার বাবার নাম মতিউর রহমান।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল শুরু করে তারা। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেন। তখন মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনার দুদিন পর ওই বছরের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।