

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির রাজনীতিক মোতাহার হোসেন তালুকদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বিজয়ী হতে পারেননি। সরকার তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
নিয়োগের বিষয়টি নিশ্চিত করে মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর যে বিশ্বাস রেখেছেন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় আমি আন্তরিকভাবে কাজ করব। তিনি অতীতেও জনগণের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এখন উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ময়মনসিংহকে একটি পরিকল্পিত, আধুনিক ও নান্দনিক নগরীতে রূপান্তরিত করা। ব্রহ্মপুত্র নদের ওপারের সম্ভাবনাময় এলাকাগুলোকেও উন্নয়নের আওতায় এনে একটি সমন্বিত নগর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আমরা এমন একটি শহর গড়তে চাই, যেখানে উন্নয়ন, সৌন্দর্য ও নাগরিক সুবিধার সমন্বয় থাকবে। দেশের যেকোনো প্রান্ত থেকে কেউ ময়মনসিংহে প্রবেশ করলেই যেন বুঝতে পারে এটি একটি পরিকল্পিত ও স্বতন্ত্র নগরী—সেই লক্ষ্য নিয়েই কাজ করব, ইনশা আল্লাহ।’
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি সরকার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রজ্ঞাপন জারি করে। ময়মনসিংহ মহানগর ও পার্শ্ববর্তী এলাকার টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতেই এ সংস্থা প্রতিষ্ঠা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য হবে অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, পর্যটন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে সংস্থাটি।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এ কর্তৃপক্ষের মাধ্যমে ময়মনসিংহের দীর্ঘদিনের অবকাঠামোগত ও পরিকল্পনাগত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে নবগঠিত সংস্থাটির কার্যক্রম এখন কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে ময়মনসিংহবাসীর।