

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের মালিকানাধীন ‘জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (১০ জুন) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অবস্থিত শিল্প পার্কটি পরিদর্শনের সময় তিনি দেশের স্বাস্থ্যসেবায় জেএমআই গ্রুপের অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে উষ্ণ অভ্যর্থনা জানান, জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক।
পরিদর্শনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার অফিসার-ইন-চার্জ হাসান আলী।
পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেএমআই গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন চলমান কার্যক্রম, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরা হয়।
এসময় জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, দেশের স্বাস্থ্যখাতের অন্যতম প্রতিশ্রুতিশীল একটি নাম জেএমআই। ১৯৯৯ সালে মাত্র ৫০ জন কর্মী আর তিন ধরনের পণ্য উৎপাদন দিয়ে ব্যবসা শুরু করে বর্তমানে জেএমআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে মোট কর্মী সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। জেএমআই গ্রুপের অধীনে বর্তমানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, বিপণন, স্বাস্থ্যসেবা, আবাসন, মুদ্রণ, শিল্পজাত গ্যাস, এলপিজি, এলপিজি সিলিন্ডার ও অটো ট্যাংক তৈরিসহ নানা খাতে মোট ৪২টি শিল্প-প্রতিষ্ঠান রয়েছে।
তিনি আরও জানান, ২৬ বছরের দীর্ঘ যাত্রায় জেএমআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও চীন থেকে এসেছে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)। এই মুহূর্তে জেএমআই গ্রুপের আওতাধীন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ৪০০টিরও বেশি ধরনের চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন হচ্ছে, যার মধ্যে অন্তত ৫০টিই বাংলাদেশে প্রথমবারের মতো প্রস্তুতকৃত। উৎপাদিত এসব পণ্য নিয়মিত রপ্তানি হচ্ছে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে।
তিনি আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে অবিচল থেকে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছি আমরা। দেশের মানুষের জন্যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমাদের এ যাত্রা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দীর্ঘদিন ধরে দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের আধুনিক উৎপাদন ব্যবস্থা, সুশৃঙ্খল কর্মপরিবেশ এবং মানসম্মত পণ্য উৎপাদনের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়।
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনার সন্তোষ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটি দেশেই বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি তথা সামগ্রিক অর্থনীতি ও স্বাস্থ্যসেবায় ভবিষ্যতে আরও অবদান রাখবে।