

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের হামলা চালাতে পারে এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। খবর আলজাজিরার।
ট্রাম্প বিশেষভাবে খার্গ দ্বীপের কথা উল্লেখ করেন। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র।
এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ আল-জায়ানি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ৩৬টির বেশি ইরানি ড্রোন বাহরাইনের দিকে আক্রমণ চালায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে এবং উত্তেজনা কমাতে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৪টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।