

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সামরিক বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন সেনাসদস্য, একজন মেজর এবং দুইজন কর্নেল রয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।
বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহতদের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে কাশ্মীরের রাজধানী মুজাফফারাবাদে। খবর রয়টার্সের।
দুর্ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ভবনগুলোর পেছন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।
পাকিস্তান সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে জানায়, কারিগরি ত্রুটির কারণে এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে আরোহী সবাই নিহত হন।
নিহত সেনাসদস্যদের মরদেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো হয় এবং কাশ্মীরের আর্টিলারি ইউনিটের সদস্যরা কফিন বহন করেন।
সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটির প্রকৃতি ও অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হবে।
এদিকে, সাম্প্রতিক সময়ে কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। গত রোববার নিষিদ্ধ ঘোষিত একটি নাগরিক জোটের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হওয়ার পর অঞ্চলটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।