

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে থেকে জনি নন্দী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে জাগপা মুখপাত্রের বাড়ির সামনে সৃষ্ট উত্তেজনার মধ্য থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, তিনি রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ জনিকে আটক করে।
এ দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন।
প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাশেদ প্রধানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের মধ্যে কেউ কেউ তার গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। একই সঙ্গে অনেকেই তার গ্রেপ্তারের দাবি জানান।