

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে নারীর ভিডিও ভাইরালের পর নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে তার দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়ম নামের নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরালের পর তার দেওয়া বক্তব্যটি ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে গাজী নজরুল ইসলাম বলেন, ‘মেয়েরা শালীনভাবে চলবে। মাথার যে কাপড়টা, একটা পর্দা মাথার ওপরে রাখবে। আমরা চাই মেয়েরা শালীনভাবে চলুক। যাতে করে তাদের শরীরটা বাইরে বের না হয়।’
তিনি বলেন, ‘মেয়েরা সব কাজ করতে পারবে। তবে মেয়েরা একটু দূরে গেলে রক্তের সম্পর্কের কাউকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। একা চলাটা ঠিকও না। রক্তের সম্পর্কের পুরুষ হলে ভালো, তবে মেয়ে হলেও সমস্যা নেই।’
এদিকে সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে মরিয়ম নামের এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।