

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডস নারী দলকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ড আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার ফলে এই ম্যাচের তেমন কোনো আলাদা অর্থ ছিল না। তবে নিয়মরক্ষার ম্যাচ জিতে ২য় হয়ে সিরিজ শেষ করলো টাইগ্রেসরা।
এডিনবার্গে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ব্যাট করতে নেমেই ঝড় তোলেন দিলারা আক্তার। এক প্রান্ত ধরে রেখে তাণ্ডব চালিয়েছেন তিনি। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৮ বলে ১৩ রান করেছেন। তিনে নেমে সোবহানা মোস্তারী দিলারার সাথে যোগ দেন। তবে দিলারার তাণ্ডব থামেনি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে থেমেছেন দিলারা। ২৬ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলে দলের ৮২ রানের মাথাতে থামেন টাইগ্রেস ওপেনার। ২২ বলে ফিফটি ছুঁয়ে নারীদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা, আগের রেকর্ড ছিল রুমানা আহমেদের, ২৮ বলে ফিফটি।
এরপর চারে নেমে মোস্তারীর সাথে যোগ দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছোট্ট ইনিংসেই ঝড় চালিয়েছেন অধিনায়ক। ৪ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান তিনি।
শেষ দিকে ক্রিজে নামেন স্বর্ণা আক্তার। ২ বলই খেলতে পেরেছেন তিনি। ৩ রান করে টিকে ছিলেন। আরেক প্রান্তে ৯ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারী। ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৮ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।
ডাচদের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন আইরিশ জিউইলিং, হেদার স্লেঙ্গার্স এবং মির্থে ভ্যান ডেন রাদ।
জবাব দিতে নেমে দুই ওপেনার হেদার স্লেঙ্গার্স এবং বাবেত্তে ডি লিডের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় নেদারল্যান্ডস। দুজনে মিলে ওপেনিং জুটিতে তোলেন ৫২ রান। ১৫ বলে ২১ রান করা হেদারকে ফেরান ফারিহা ইসলাম তৃষ্ণা। একই ওভারে ১৪ বলে ৩০ রান করা ডি লিডকেও ফেরান তৃষ্ণা।
রবিনে রিজকে শেষ দিকে চেষ্টা চালিয়েছেন। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। রানের মাথায় থেমেছে ডাচরা। ১৩ রানে জয়লাভ করেছে বাংলাদেশ।
বাঘিনীদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ফারিহা ইসলাম তৃষ্ণা এবং রিতু মনি।