

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে দৃঢ় ও নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গরিবাবাদি বলেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে তাদের প্রতিরক্ষামূলক দায়িত্ব পালন করছে এবং দেশের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জনগণ বা দেশের বিরুদ্ধে কোনো ধরনের হামলা কিংবা শত্রুতামূলক পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং প্রতিপক্ষকে চূর্ণবিচূর্ণ করা হবে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের উচিত বোঝা যে সামরিক উত্তেজনা বাড়ানোর পথ অতীতেও ব্যর্থ হয়েছে এবং এবারও সফল হবে না।
তার ভাষায়, মার্কিন সরকার ও তাদের প্রেসিডেন্টকে বুঝতে হবে, তারা এমন একটি পথ বেছে নিয়েছে যা আগেও তারা অনুসরণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল।
গরিবাবাদি দাবি করেন, অতীতেও ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জবাব দিতে সক্ষম হয়েছে। আমরা এর আগেও যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসনের বিরুদ্ধে গুরুতর আঘাত হেনেছি।