

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ছিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার প্রকাশিত জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে ভ্যান্সকে এপস্টেইনের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে তিনি বলেন, এটা পরিষ্কার যে এপস্টেইনের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা মহলের সঙ্গে যোগাযোগ ছিল। একইভাবে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার সম্পর্ক ছিল।
তবে তিনি এসব যোগাযোগের প্রকৃতি বা কোনো প্রমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
ভ্যান্স আরও দাবি করেন, এপস্টেইনের ইসরায়েল-সংযোগ দেশটির বামঘেঁষা রাজনৈতিক ও নিরাপত্তা মহলের সঙ্গে বেশি ছিল। এপস্টেইন সম্ভবত ইসরায়েলের ডিপ স্টেটের বামপন্থী অংশের সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি আমার কাছে সবসময়ই আকর্ষণীয় মনে হয়েছে। তিনি ডানপন্থী ইসরায়েলি রাজনীতিকদের সঙ্গে ততটা ঘনিষ্ঠ ছিলেন না।
সাক্ষাৎকারে ভ্যান্স স্বীকার করেন, এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে ট্রাম্প প্রশাসন যোগাযোগ ব্যবস্থাপনায় ভুল করেছে। তিনি বলেন, এপস্টেইন ফাইল নিয়ে জনসাধারণের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ভুল করেছি।
এ সময় তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির মন্তব্যের প্রসঙ্গ টানেন। বন্ডি একসময় দাবি করেছিলেন, এপস্টেইনের ক্লায়েন্ট তালিকা তার ডেস্কে রয়েছে।
ভ্যান্স বলেন, আমি পামকে চিনি এবং তাকে পছন্দ করি। আমার মনে হয় না তিনি ইচ্ছাকৃতভাবে কিছু করেছেন। তবে তিনি আমাদের হাতে কী ছিল আর কী ছিল না তা নিয়ে অতিরঞ্জিত বক্তব্য দিয়েছিলেন।
ভ্যান্সের মতে, বন্ডির বক্তব্যের কারণে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়। তিনি বলেন, আমরা যোগাযোগের ক্ষেত্রে ভুল করেছি। কিন্তু সেই ভুলের কারণ কিছু গোপন করার চেষ্টা ছিল আমি তা মনে করি না।