

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় মারা গেছেন ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ১৭ বছর বয়সী ফুটবলার ফাদি হামদাল্লাহ আল-নাসসান। গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর তিনি প্রাণ হারালেন। খবর আলজাজিরার।
ফিলিস্তিনি কর্মকর্তাদের ও তার পরিবারের বরাতে জানা যায়, গত ১১ জুলাই পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে হামলার সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে শনিবার তিনি মারা যান।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফাদি আল-নাসসানের উরুতে আঘাত লাগে। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। শেষ পর্যন্ত তিনি আঘাতজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন।
ফাদি আল-নাসসান স্থানীয় আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন এবং ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন।
শনিবার রামাল্লাহর প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিজ গ্রাম আল-মুঘাইয়িরে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজন, সতীর্থ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে দাবি করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ক্রীড়া অঙ্গনের ১ হাজার ১৩ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ৫৬৮ জন ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন।
ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসসান বলেন, হামলার সময় নারী ও শিশুদের চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল তার ছেলে। সেখানেই সে গুলিবিদ্ধ হয়।