

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ডোরড্যাশ’ এর কর্মী ছিলেন। খাবার সরবরাহের কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি১০ফিলাডেলফিয়া মাহফুজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এ ঘটনা ঘটে।
ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে তারা ৪৩ বছর বয়সী মোহাম্মদ মাহফুজুল হক নামে এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। তাঁর মাথার পেছনে গুলির আঘাত ছিল।
তিনি বলেন, গুলিবিদ্ধ মাহফুজুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঘটনাটি নিয়ে এক বিবৃতিতে ‘ডোরড্যাশ’-এর এক মুখপাত্র বলেন, প্রাণঘাতী এই গুলির ঘটনার পর তাদের কোম্পানি পুলিশকে তদন্তে সহযোগিতা করছে।
ঘটনাটি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তাকে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বা অনলাইনে বেনামে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।