

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কি না, সে বিষয়ে তিনি সিটির আইন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।
শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের জন্য নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনা উচিত।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত।
মামদানি আরও বলেন, গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।
ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের জন্য পরিচিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রাজনীতিক মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনি প্রচারণার সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল।
সাক্ষাৎকারে তিনি জানান, এ বিষয়ে তার আইনি ক্ষমতা কতটুকু, তা নির্ধারণ করতে সিটির আইন বিভাগের সঙ্গে তিনি সক্রিয়ভাবে পরামর্শ করছেন।
মামদানি বলেন, নিউইয়র্ক সিটির আইন আমাকে যতটুকু ক্ষমতা দেয়, আমরা ঠিক ততটুকুই করব। তবে এ উদ্দেশ্যে আমরা নতুন কোনো আইন তৈরি করব না।