

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। খবর আল জাজিরার।
মঙ্গলবার (২১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল না করলে তেহরান অনেক আগেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত।
তার মতে, আমরা যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে আজ ইসরায়েল থাকত না। কারণ ইরান বহু বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।
ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনের শুরুতেই যুক্তরাষ্ট্রের বি-টু বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। ওই হামলা না হলে ইরান এখন পারমাণবিক অস্ত্রের মালিক হতো।
তিনি বলেন, আমরা যদি এক বছর আগে বি-টু বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করতাম, তাহলে তারা এখন পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং আজ ইসরায়েল বলে কিছু থাকত না। শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও তখন অস্তিত্ব হারাত।