রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাকির হোসেন লিটন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিপাকে নির্বাচন কমিশন

বিভিন্ন স্থানে অবরোধ বিক্ষোভ
সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিপাকে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্বিন্যাস ঘিরে উত্তেজনা বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত নতুন সীমানা নির্ধারণ পরিকল্পনার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অনেক এলাকায় স্থানীয় রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গতকাল রোববার ইসিতে প্রথম দিনের শুনানিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সামনেই দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটেছে। এতে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে কমিশন।

এর আগে গত ৩০ জুলাই ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি সংসদীয় আসনে ছোটখাটো পরিবর্তন এনে নতুন সীমানার খসড়া প্রকাশ করে ইসি। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। অন্যদিকে, কমানো হয়েছে বাগেরহাটের একটি আসন। নতুন প্রস্তাবে বাগেরহাটের আসন কমে তিনটি এবং গাজীপুরের আসন বেড়ে ছয়টি হবে। পরিবর্তনের মধ্যে রাখা হয়েছে রাজধানী ঢাকার ছয়টি আসনও। সীমানার পুনর্বিন্যাসের এ খসড়া প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে উল্লাসের পাশাপাশি ক্ষোভ-বিক্ষোভও দেখা দিয়েছে।

এদিকে খসড়া প্রকাশের পর প্রস্তাবিত ৩০০ আসন নিয়ে গত ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়। এতে ৮৩টি আসনে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন পড়ে। নির্ধারিত সময় অনুযায়ী গতকাল থেকে এ দাবি-আপত্তিগুলোর শুনানি শুরু হলে সেখানে মারামারি ও হাতাহাতিতে জড়ান দুই পক্ষের লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম দিনের শুনানি শুরু হয় দুপুর ১২টায়। সোয়া ১২টার দিকে শুনানিতে অংশ নিয়ে বিএনপির রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার খুর্শিদ আলম, অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট ইমাম হোসেনসহ বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। খসড়ার বিপক্ষে থাকা নেতারা শুনানিতে অংশ নিয়ে বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন (বুধস্তি, চান্দুয়া ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। তারা উপজেলা অখণ্ড চান। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে ইসি কর্মকর্তাদের।

নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণের চেষ্টা করেছি—সিইসি: নির্বাচন ভবনে গতকাল শুনানির শুরুতে সিইসি এ এম এম নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।’

গতকাল রোববার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা ৬, ৯, ১০ ও ১১; বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি আবেদনের শুনানি হয়। শুনানি উপলক্ষে নির্বাচন ভবনে এদিন সকাল থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। নিয়ম মেনে আবেদনকারীদের নির্বাচন ভবনে প্রবেশ করতে দেওয়া হয়।

বাইরেও হট্টগোল: প্রথম দিনের শুনানি চলাকালে নির্বাচন ভবনের বাইরেও ব্যাপক হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা বিক্ষোভকারী একটি দলকে গেটের সামনে থেকে সরিয়ে দেন। নির্বাচন ভবনের সামনে জলকামানও প্রস্তুত রাখা হয়।

১৫ বছরে যেটা হয়নি, সেটাই হলো—রুমিন ফারহানা: সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে ধাক্কাধাক্কি ও কিলঘুষির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এ সময় তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম নির্বাচন কমিশনের মর্যাদা রক্ষায় কেউ গুন্ডাপান্ডা নিয়ে ঢুকবে না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী (খালেদ হোসেন মাহবুব) ২০ থেকে ২৫ জন নিয়ে এসে গুন্ডামি করেছেন। ১৫ বছরে যেটা হয়নি, আজ (গতকাল) সেটাই হলো—অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিএনপির নেতাকর্মীদের জন্য ১৫ বছর লড়েছি, তারাই আমাকে ধাক্কা দিল।’

অভিযোগ করে রুমিন ফারহানা বলেন, ‘কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি, গুন্ডা নয়। কিন্তু তারা আবোলতাবোল বলে যাচ্ছিল। শেষ দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয়। আমার লোকজনকে মারধর করা হলে তারাও প্রতিউত্তর দিয়েছে।’

খালেদ হোসেনের পাল্টা বক্তব্য: রুমিন ফারহানা যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব জেলা বিএনপিরও সভাপতি। শুনানিতে মারামারির প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে আসলে এনসিপির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কবিতর্ক হয়েছে। এটা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এই লেভেলে এসে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক।’ খালেদ হোসেন আরও বলেন, ‘কমিশন শুনানি নিয়েছে। কিছু হট্টগোল হয়েছে, যেখানে আমাদের প্রতিপক্ষ অনেক ভুল তথ্য উপস্থাপন করেছে, যেগুলো যৌক্তিক নয়। আমরা মনে করি, এই তিন ইউনিয়ন সদর বিজয়নগরের সঙ্গেই থাকা উচিত।’

এনসিপির অভিযোগ: শুনানিতে মারামারির জন্য রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। তিনি বলেন, ‘শুনানির সময় আমি বক্তব্য দিতে গেলে রুমিন ফারহানা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর তার লোকজন আমাকে লাথি-ঘুষি মারতে থাকেন। আমার পাঞ্জাবি ছিঁড়ে যায়, হাতে আঘাত পেয়েছি। যেভাবে ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে পিষত, সেভাবেই আমাকে পিষেছে।’ আতাউল্লাহ অভিযোগ করেন, ‘কমিশন তখন আর কাউকে কথা বলার সুযোগ দেয়নি। বিএনপি ছাড়া জামায়াতকেও কথা বলতে দেওয়া হয়নি।’

এনসিপি নেতা আতাউল্লাহর অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘মুশকিলের বিষয় হচ্ছে, তিনি পরিচিত মুখ নন, তিনি এনসিপি থেকে এসেছেন, না জামায়াত থেকে এসেছেন, তা আমি জানি না। তবে উনি প্রথম, সাদা পাঞ্জাবি পরিহিত একজন আমাকে ধাক্কা দিয়েছেন। তারপর আমার লোকজন তো বসে থাকবে না। আমি তো একজন মহিলা। পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজনও জবাব দিয়েছে। এটা সিম্পল।’

রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক—হাসনাত আব্দুল্লাহ: এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “আগামী নির্বাচনে বিএনপি কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার মধ্য দিয়ে।”

রুমিন ফারহানার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা বিএনপির এই আওয়ামীবিষয়ক সম্পাদকদের বলব, আপনারা জনগণের পালসকে বুঝুন, ২৪-পরবর্তী জনগণের পালসকে বুঝুন। নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে।’

ইসির ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকের ন্যক্কারজনক ঘটনাই প্রমাণ করছে, আগামী নির্বাচনে বিএনপি ও তাদের সন্ত্রাসীরা কী ভূমিকা রাখবে আর পুলিশ কেমন নীরব দর্শকের ভূমিকা পালন করবে।’

বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন: ইসির খসড়া সীমানা পুনর্বিন্যাস পরিকল্পনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইসি জনগণের মতামত ছাড়াই কাগজ-কলমে সীমানা কেটে দিচ্ছে। এতে সামাজিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি বিক্ষোভ: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বিজয়নগর উপজেলার নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস নিয়ে ইসির শুনানিতে হট্টগোলের ঘটনায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি ও কেন্দ্রীয় বিএনপিসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকরা। গতকাল বিকেলে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ ছাড়া অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে ইসির শুনানিতে এনসিপি নেতা মো. আতাউল্লাহ ও অন্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা এনসিপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহর বিরুদ্ধে রুমিন ফারহানার ওপর হামলার অভিযোগ এনে বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন রুমিন ফারহানার সমর্থকরা।

বাগেরহাটে সড়ক অবরোধ ও হরতাল: বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলাজুড়ে সড়ক পথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময় গতকাল সকাল ৮টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত দশটি স্থানে সড়কের ওপর গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’র নেতাকর্মীরা। এতে বাগেরহাট জেলার অন্য সব স্থানের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বলেন, ‘বাগেরহাট জেলা কার্যত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, ‘বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে আমরা গত ৩০ জুলাই তিনটি আসনের প্রস্তাব দেওয়ার পর থেকে বাগেরহাটে আন্দোলন করে আসছি।’

যশোরে নির্বাচন অফিস ঘেরাও: যশোর প্রতিনিধি জানান, যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে কেশবপুর উপজেলা বিএনপি। গতকাল বেলা ১১টায় এই দাবিতে যশোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। এসময় সংসদীয় আসনটির বিপুলসংখ্যক সাধারণ ভোটারও উপস্থিত ছিলেন। পরে সিইসি বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X