

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে একই মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের পাঁচজন মন্ত্রীও। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গতকাল শনিবার বসেছিল শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার কিছু পর রাজ্যপাল আর এন রবি মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। শপথ অনুষ্ঠানের পুরোটাজুড়ে বাঙালি আবহ দেখা গেছে। এদিন ছিল রবীন্দ্রজয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ মঞ্চসহ পুরো ময়দানে বাজানো হয় রবীন্দ্রসংগীত। প্রধানমন্ত্রী মোদি মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মুখ্যমন্ত্রীর পর একে একে শপথ নেন মন্ত্রীরা। তারা হলেন—বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে দায়িত্বশীল মন্তব্য করলেন শুভেন্দু। তিনি জানিয়ে দিলেন, তিনি সবার মুখ্যমন্ত্রী। রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নতিতে মন দেওয়ার কথাও শোনা গেছে তার মুখে।
পরে নতুন মুখ্যমন্ত্রী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানান। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‘আমি কোনো বিতর্কিত কথা বলব না। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলব, যারা এখনও সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে। শিক্ষার মান হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে।’ নতুন মুখ্যমন্ত্রীর আবেদন, ‘আসুন আমরা বাংলাকে নবনির্মাণ করি। অনেক দায়িত্ব। এখন এসব রাজনৈতিক কচকচানি, পরস্পরের সমালোচনা করার সময় নয়। আমরা শুধু এগিয়ে যাব। বিবেকানন্দের কথায়, চরৈবেতি চরৈবেতি।’ এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। খড়্গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। এ ছাড়া আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া, বাঁকুড়ার রানিবাঁধ থেকে ক্ষুদিরাম টুডু ও কোচবিহারের মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন।
ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ পড়েছেন। মুখ্যমন্ত্রীসহ বাকিরা বাংলায় শপথবাক্য পাঠ করেন। এই পাঁচ মন্ত্রীর কে কোন দপ্তর সামলাবেন, তা এখনো জানানো হয়নি। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান ও জেপি নাড্ডাকে শপথ মঞ্চে দেখা গেছে। শপথ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ময়দানের ভিড়ে ছিল আদিবাসী, রায়বেশি, ছৌ নাচ। গ্রামীণ ঐতিহ্যের সুর আর নাচে মাতিয়ে রাখেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা। ছিল রসগোল্লা, লাড্ডু ও দইসহ বাংলার নানা মিষ্টিতে আপ্যায়ন। সঙ্গে ঝালমুড়ি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফাডনবীশ, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি প্রমুখ।