

নির্বাচনে ফল কারচুপির রহস্য ধীরে ধীরে উন্মোচন হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের উদ্যোগে আলেম-উলামা-ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। গোলাম পরওয়ার বলেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যই প্রমাণ হয়, দেশি-বিদেশি শক্তির মাধ্যমে নির্বাচনের ফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এ ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কারা কারা জড়িত জাতির সামনে তা তুলে ধরতে হবে।
সরকারি দল আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, অতীত সরকারের পথে হাঁটতে চাইলে দায়ভার বিএনপিকেই নিতে হবে। তরুণ প্রজন্ম সজাগ রয়েছে, জুলাই বিনষ্টের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসাইনের সভাপতিত্বে এবং উলামা বিভাগের সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ও শায়খ রফিকুল ইসলাম মিয়াজীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানি, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জেহাদী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির প্রমুখ।