

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। রোববার (৮ মার্চ) চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের সাসটেইনেবল স্টক এক্সচেঞ্জেস ইনিশিয়েটিভ, ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস, ইউএন উইমেন, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জে প্রতি বছর এ কর্মসূচি পালিত হয়। এর লক্ষ্য ব্যবসা ও উন্নয়নের ক্ষেত্রে লিঙ্গসমতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসানসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে এম সাইফুর রহমান মজুমদার বলেন, জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করে সিএসই প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করে এবং কর্মক্ষেত্রে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তিনি বলেন, নারীকর্মীদের জন্য মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়ন তদারকি ও বিভিন্ন বিভাগের সমন্বয় জোরদারের পরিকল্পনা রয়েছে।
চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান বলেন, কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য গুরুত্বপূর্ণ। সিএসইতে সমান সুযোগ বজায় রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে অংশ নেওয়া নারীকর্মীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি সিএসই পরিবারের একজন নারী সদস্যকে বছরের সেরা নারী হিসেবে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।