

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হবে। আজ বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজকের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫,০০০ টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীরশ্রেষ্ঠ ৪০,০০০ টাকা, বীর উত্তম ৩০,০০০ টাকা, বীর বিক্রম ২৫,০০০ টাকা এবং বীর প্রতীক ২৫,০০০ টাকা করার প্রস্তাব করা হবে।
তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০,০০০ টাকা অপরিবর্তিত থাকবে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।
এসব কারণে সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১ লক্ষ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হবে। বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ লক্ষ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।