

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটগ্রহণ চলাকালে দায়িত্বরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসার মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে মারা যান তিনি।
মো. মুজাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। তিনি সরাইল সদর উপজেলার হালুয়া পাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, মুজাহিদুল ইসলাম উপজেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার বলেন, ভোটগ্রহণ চলাকালে দায়িত্বরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম মারা গেছেন।