

আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৮ জুন) সকালে পৃথক বার্তায় শোক প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল শোক প্রকাশ করে বলেন, এই সময়ের অন্যতম সেরা ট্রায়াল আইনজীবী আমিনুল গনি টিটু ইন্তেকাল করেছেন। আইনজীবীর পাশাপাশি তিনি ছিলেন একজন লেখক, গায়ক ও শুদ্ধ চিন্তক। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
চিফ প্রসিকিউটর শোক প্রকাশ করে বলেন, ডিফেন্স আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুক।
এর আগে রোববার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুল গণি। তিনি ফৌজদারি আইনের ওপর দক্ষ ছিলেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আসামিপক্ষে আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, গুম-খুনের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আমিনুল গণি টিটো।
এর মধ্যে আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও বাকিগুলো এখনো বিচারাধীন রয়েছে।