

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ২১ হাজার ৫৩৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু।
বৃহস্পতিবার রাতে ১০৩টি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকুর প্রাপ্ত ভোট ৭৪ হাজার ৬৩৬টি। এর মধ্যে পোস্টাল ভোটের সংখ্যা ৫ হাজার ৪৬৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী এম সায়েদ আলীর প্রাপ্ত ভোট ৫৩ হাজার ৯৭টি। এর মধ্যে পোস্টাল ভোটের সংখ্যা ৪ হাজার ৩৫২টি।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শওকতুল ইসলাম শকু বলেন, কার ভোট পেলাম, না পেলাম সেটা বড় বিষয় নয়। দল-মত নির্বিশেষে কুলাউড়ার এমপি হয়ে জনগণের জন্য কাজ করতে চাই।
তিনি আরও বলেন, কুলাউড়ার চা বাগানের শ্রমিকসহ সব ভোটারের ঋণ শোধ হওয়ার নয়। এবারের নির্বাচনে চা শ্রমিকরা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন।
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।