

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা ২১৫ লিটার অকটেন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ মজুত ও জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত থাকার দায়ে তিন ব্যক্তিকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১২টা পর্যন্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় আদর্শ সদর উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার।
প্রশাসন সূত্রে জানা গেছে, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ‘মেসার্স শফিকুল এন্টারপ্রাইজ’-এ তল্লাশি চালিয়ে গোপনে মজুত করে রাখা ২১৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। অবৈধভাবে জ্বালানি মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শফিকুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে জ্বালানি সরবরাহের দায়ে মো. শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মো. রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
আদর্শ সদর উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ভোক্তাদের ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।