ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

প্রকৃতিজুড়ে উলু ফুলের শুভ্রতার হাসি

উলু ফুল। ছবি : কালবেলা
উলু ফুল। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিতে ফুটে উঠেছে উলু ফুলের শুভ্রতার হাসি। প্রকৃতির বুক যেন আঁকা সাদা রঙের তুলির আঁচড়ে। হালকা বাতাসে দুলতে দুলতে উলু ফুল ছড়িয়ে দিচ্ছে এক অনন্য সৌন্দর্য।

গ্রামীণ প্রকৃতিজুড়ে এই শুভ্রতার সমারোহ যেন প্রকৃতিকে সাজিয়ে তুলেছে নতুন রূপে। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্যে মুগ্ধ হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, ফুলপ্রেমী ও প্রকৃতিপ্রেমীরা।

জানা গেছে, উলু দেখতে কাশফুলের মতো হলেও, এরা আকার অনেক ছোট। এটি মূলত ঘাস জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ইম্পেরাটা সিলিন্ড্রিকা। এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এটি বাংলায় উলু নামে পরিচিত। এছাড়াও এটি কুনাই ঘাস, ব্লাডি গ্রাস, কগোনগ্রাস, জাপানি ব্লাডগ্রাস, কুনাই গ্রাস নামেও পরিচিত। এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় এশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপে এ ঘাস দেখা যায়। এছাড়াও ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলেও এর দেখা মেলে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফসলি জমির আইল, পরিত্যক্ত মাঠ, খাল-বিল ও গ্রামীণ সড়কের পাশজুড়ে ছড়িয়ে পড়েছে উলু ফুলের নয়নাভিরাম শুভ্রতার সৌন্দর্য। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজের বুকে শুভ্র চাদর বিছিয়ে রেখেছে প্রকৃতি। দখিনা বাতাসে দোল খেতে থাকা উলু ফুলগুলো যেন প্রকৃতির অপরূপ লীলাখেলায় মেতে উঠেছে। গ্রীষ্ম শুরুর এই সময়ে অনেকটা কাশ ফুলের মতো উলু ফুল যেন প্রকৃতির চেহারাই বদলে দিয়েছে। সকাল কিংবা বিকেলের নরম আলোয় উলু ফুলের শুভ্রতা আরও বেশি দৃষ্টিনন্দন হয়ে ওঠে। পথ চলতে পথচারী কিংবা স্থানীয় বাসিন্দারা কিছু সময় দাঁড়িয়ে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করছেন।

স্থানীয়রা জানান, গ্রামীণ পরিবেশে এটি খুব পরিচিত একটি বনফুল হলেও এর সৌন্দর্য অনেককে মুগ্ধ করে। সাধারণত পরিত্যক্ত জায়গায় ও খোলা জায়গায় স্বাভাবিকভাবে জন্ম নেয় এই উদ্ভিদ। এ উদ্ভিদটি কোনো পরিচর্যা ছাড়াই প্রকৃতির নিয়মে বেড়ে ওঠে। একসময় উলু গাছ দিয়ে কুঁড়েঘর ছাওয়ার কাজ করা হতো। বর্তমানে কোথাও কোথাও এই গাছসহ ফুল দিয়ে ঝাড়ু তৈরি করা হয়। এছাড়াও কিছু ক্ষেত্রে উলু গাছের রস কাটাছেঁড়া বা চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

স্থানীয় কৃষক তবদল হোসেন বলেন, উলু খুব পরিচিত ঘাস। তবে এগুলো আমাদের ফসল উৎপাদনের জন্য তেমন ক্ষতিকারক নয়। অনেক সময় এরা জমির মাটি ক্ষয়রোধে সাহায্য করে। এ গাছের ফুল দেখতে অত্যন্ত সুন্দর।

স্থানীয় বাসিন্দা মিনহাজুল ইসলাম রুবেল বলেন, ছোটবেলা থেকেই দেখছি গ্রীষ্মকাল এলেই গ্রামীণ প্রকৃতিতে উলু ফুল ফোটে। চলতি পথে শুভ্র এ ফুল নজর কাড়ে মানুষের। এ বছরও উলু ফুল ফুটেছে। এ ফুলের সৌন্দর্যে গ্রামীণ পরিবেশও প্রাণবন্ত রূপে সেজেছে।

কলেজশিক্ষার্থী মাহমুদা খানম মিতু বলেন, সকালে কলেজে যাওয়ার পথে এবং কলেজ থেকে ফেরার পথে উলু ফুলের সৌন্দর্য উপভোগ করি। সাদা ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, মনে হয় যেন ধরাতলে টুকরো টুকরো সাদা মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ফুলগুলো দেখতে অনেকটা কাশ ফুলের মতো, তবে কাশ ফুলের গাছ আরও বড় হয়। এ সমটায় প্রকৃতি উলু ফুলে সেজে উঠেছে।

প্রাক্তন স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঋতুর পালাবদলে গ্রামীণ জনপদের প্রকৃতিতে নানা রঙের ফুল ফুটলেও উলু ফুলের শুভ্রতা প্রকৃতিতে আলাদা এক আবহ তৈরি করে। গ্রীষ্মের দাবদাহের মধ্যেও উলুর সাদা ফুলের সমারোহ যেন প্রকৃতিতে নিয়ে আসে প্রশান্তি ও স্নিগ্ধতার ছোঁয়া। এ সময়টায় বাইরে বের হলেই চোখে পড়ে এ ফুলের নৈসর্গিক সৌন্দর্য। এ ফুলের সৌন্দর্য স্থানীয়দের মনে জাগাচ্ছে এক অন্যরকম মুগ্ধতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X