

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।
শুক্রবার (০৫ জুন) সকাল ৬টা থেকে উপজেলার নলীন ও জগৎপুরা এলাকায় এই আদেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নলীন ও জগৎপুরা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার (০৪ জুন) দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে বড় ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে ১৪৪ ধারা জারি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।