

রংপুরের তারাগঞ্জ উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের খিয়ার জুম্মা এলাকায় অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নিস ওয়েল নামে তেল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে পরিবেশ দূষণের দায়ে ‘এয়ার ওয়েল’ নামের কারখানাটির বিরুদ্ধে এ অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খিয়ার জুম্মা এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভাবে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এ প্রক্রিয়ায় নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্য স্থানীয় পরিবেশের মারাত্মক ক্ষতি করছিল। এছাড়াও জনবসতির মধ্যে এমন কার্যক্রম পরিচালনার ফলে স্থানীয় বাসিন্দাদের ফসলি জমির চাষাবাদে দূষণ, গবাদিপশু মৃত্যুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটির কার্যক্রমের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ধারা এবং ১৫(১) ধারার ৬ নম্বর ক্রমিক অনুযায়ী কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনী এলাকার মৃত শামীমের ছেলে মো. রাজু আহমেদ (৪২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।