

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চুক্তির নথিপত্র প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানও এই চুক্তি চায়, যেমন অন্যরাও চায়। তবে তিনি নিজে সেখানে না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স উপস্থিত থাকবেন। খবর আলজাজিরার।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ।
এদিকে কাতারের আমির ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় উভয় পক্ষ চুক্তির অগ্রগতি ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয় নিয়ে কথা বলেছেন।
কাতার জানিয়েছে, তারা এই চুক্তির প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন জানাচ্ছে।
তেহরানে এখনো পর্যন্ত সম্ভাব্য চুক্তি নিয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।