

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এ সপ্তাহান্তেই ইউরোপে স্বাক্ষর হতে পারে। তবে তিনি নিজে সেখানে না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স উপস্থিত থাকবেন। খবর আলজাজিরার।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ।
এদিকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছেন। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর খুব শক্তিশালী হামলা চালাতে পারে এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এতে চলমান যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে গেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
এ ছাড়া ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।