

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপাচার্যের অনুমোদনক্রমে এই বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ, বি, সি, ডি, ই (A, B, C, D, E) ইউনিটে ৫ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিজস্ব প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং অনলাইনে ফি জমা দিতে বলা হয়েছে।
অনলাইনে আবেদনের পর ২ থেকে ৭ এপ্রিল পর্যন্ত (বিশ্ববিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট অফিস থেকে জমাদান স্লিপ সংগ্রহ করতে হবে।
এ বছর বিভিন্ন অনুষদের জন্য আলাদা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য ১২ হাজার ৬৩০ টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত, নাট্যকলা ও চারুকলা অনুষদের জন্য ১২ হাজার ৬৩০ টাকা। বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০ হাজার ৬৩০ টাকা। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য ১০ হাজার ৬৩০ টাকা।
ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট), ভর্তি পরীক্ষার পরিদর্শক (ইনভিজিলেটর) স্বাক্ষরিত প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), অনলাইন ভর্তি ফরমের প্রিন্ট কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে।