

বলিউড বাদশা শাহরুখ খানের মানবিক কর্মকাণ্ড প্রায়ই চোখে পড়ে। তিনি যে শুধু পর্দার তারকাই নন, বাস্তবেও সুপারস্টার। তার মহানুভবতার গল্প বলিউডের সর্বত্র আলোচিত হয়। এবার বাবার মতোই মানবিকতার নজির গড়লেন ছেলে আরিয়ান খান। ভিড়ে পড়ে যাওয়া ভক্তকে আগলে রেখে মন জয় করে নিলেন সবার।
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান বরাবরই ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করেন। নিজেকে লাইমলাইটের আলো থেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে এসে রীতিমতো নেটপাড়ার মন জয় করে নিলেন এই তারকা সন্তান। তাকে দেখতে এসে ভিড়ের মধ্যে পড়ে যাওয়া এক ভক্তকে যেভাবে তিনি টেনে তুললেন, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ প্রশংসিত হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুরালের জন্মদিনের পার্টিতে বসেছিল তারকাদের মেলা। সেখানেই হাজির হয়েছিলেন আরিয়ান। নীল টি-শার্ট, ডেনিম জিন্স আর কালো জ্যাকেটের ক্যাজুয়াল লুকে তিনি ছিলেন বরাবরের মতোই স্টাইলিশ।
আরিয়ান গাড়ি থেকে নামামাত্রই তাকে এক নজর দেখতে পাপারাৎজি ও ভক্তদের ঢল নামে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভিড়ের চাপে এক ব্যক্তি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। এমন পরিস্থিতিতে সাধারণত তারকারা এড়িয়ে যান, কিন্তু আরিয়ান তা করেননি। তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যান এবং পরম যত্নে ওই ব্যক্তিকে টেনে তোলেন। এই পুরো ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরা আরিয়ানের এই শান্ত ও বিনম্র আচরণের ভূয়সী প্রশংসা করছেন।
আরিয়ানের পরিচালনায় অভিষেক হতে যাওয়া সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এ অভিনয় করছেন রাঘব। তাই এই জন্মদিনের পুনর্মিলন ভক্তদের কাছে একটু বেশিই স্পেশাল।
বাবা শাহরুখ খানের সঙ্গে সবসময় তুলনা করা হয় আরিয়ানের। নেপোকিড তকমা এড়ানো অসম্ভব হলেও, আরিয়ান নিজের পথ নিজেই তৈরি করছেন। ক্যামেরার পেছনে থেকে তিনি আগেও চমক দেখিয়েছেন। এখন আবার নতুন কোন চমক দেখান- সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। সূত্র: বলিউড লাইফ