

ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। ব্যাংককে পারিবারিক প্রভাবমুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি এ কথা জানান। এদিন জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
ব্যাংক খাতে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করার কথা জানানোর পাশাপাশি অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সেবার সংকট কাটিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার একগুচ্ছ সংস্কার ও বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে দেশব্যাপী নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী হবেন।
অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী হবেন। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে আসন বৃদ্ধির পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিতব্য বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার টাকা। এটি মোট জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতির বড় অংশই অভ্যন্তরীণ উৎস থেকে মেটানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।