

সমাজে বা কর্মক্ষেত্রে সবার কাছে গুরুত্ব পাওয়া বা শ্রদ্ধার পাত্র হওয়া কোনো আকস্মিক ঘটনা নয়। সম্মান এমন কিছু নয় যা আপনি জোর করে আদায় করতে পারবেন, বরং এটি আপনার প্রতিদিনের আচরণের মাধ্যমে অর্জিত হয়। আপনি যখন নিজের সময়, শক্তি এবং যোগ্যতাকে মূল্য দিতে শুরু করবেন, তখনই চারপাশের পরিবেশ এবং মানুষের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি বদলে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, নিচের ১০টি অভ্যাস অনুসরণ করতে পারলে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে:
১. কথা দিয়ে কথা রাখা: যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেন, তবে তা রক্ষা করুন। কোনো অজুহাত বা গড়িমসি না করে নিজের দায়িত্ব পালন করা বিশ্বাসের ভিত্তি তৈরি করে। আপনি যখন নিয়মিত আপনার কথা ও কাজের মিল রাখবেন, তখন মানুষ আপনাকে নির্ভরযোগ্য মনে করবে এবং আপনার ওপর ভরসা করতে শুরু করবে।
২. অকারণে ক্ষমা চাওয়া বন্ধ করুন: কথা বলার সময় ‘বিরক্ত করার জন্য দুঃখিত’ বা ‘আমি কোনো বিশেষজ্ঞ নই, তবে...’—এ ধরনের দ্বিধাগ্রস্ত বাক্য এড়িয়ে চলুন। নিজের মতামত সরাসরি এবং আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করুন। নিজের অন্তর্দৃষ্টি বা বুদ্ধিকে অন্যদের কাছে বোঝা মনে না করে এর গুরুত্ব তুলে ধরুন।
৩. ব্যক্তিগত সীমানা রক্ষা করা: সীমানা নির্ধারণ করা মানে অভদ্রতা নয়, বরং অন্যরা আপনার সাথে কেমন আচরণ করবে তার একটি নির্দেশিকা। কেউ আপনার সময় নষ্ট করলে বা মূল্যবোধে আঘাত দিলে নির্দ্বিধায় এবং কোনো অপরাধবোধ ছাড়াই 'না' বলতে শিখুন। এটি অন্যদের বাধ্য করবে আপনার সময়ের মর্যাদা দিতে।
৪. বলার চেয়ে শোনাকে প্রাধান্য দিন: প্রকৃত আত্মবিশ্বাস থাকে নীরবতায় । কোনো আলোচনা বা সভায় সারাক্ষণ কথা বলে আধিপত্য বিস্তারের চেষ্টা না করে মন দিয়ে অন্যের কথা শুনুন। আপনি যখন আবেগীয় পরিপক্বতা নিয়ে কথা শুনবেন, তখন আপনার নিজের প্রতিটি শব্দের গুরুত্ব বা ওজন অনেক বেড়ে যাবে।
৫. সময়ানুবর্তিতা বজায় রাখা: দেরি করে পৌঁছানো আপনাকে ব্যস্ত প্রমাণ করে না, বরং এটি আপনাকে অগোছালো এবং আত্মকেন্দ্রিক হিসেবে তুলে ধরে। সঠিক সময়ে উপস্থিত হওয়া মানে আপনি অন্যের সময়েরও মূল্য দেন। এটি একটি তাত্ক্ষণিক আস্থা তৈরি করে এবং আপনাকে একজন পেশাদার মানুষ হিসেবে অন্যদের চেয়ে আলাদা করে।
৬. নিজের ভুল স্বীকার করা: ভুল ঢাকতে অজুহাত তৈরি না করে সরাসরি তা স্বীকার করুন এবং ক্ষমা চান। নিজের ইগো রক্ষা করার চেয়ে দায়িত্বশীল হওয়া অনেক বেশি সম্মানজনক। এটি প্রমাণ করে যে আপনি যেকোনো ব্যর্থতা সামলানোর মতো যথেষ্ট পরিপক্ব ।
৭. সংকটে অবিচল থাকা: যেকোনো কঠিন পরিস্থিতিতে বা সংকটের সময়ে আতঙ্কিত না হয়ে শান্ত থাকাই নেতৃত্বের বড় গুণ। যখন সবাই দিশেহারা হয়ে পড়ে, তখন আপনি যদি মেজাজ নিয়ন্ত্রণ করে সমাধানের দিকে মনোযোগ দেন, তবে মানুষ প্রাকৃতিকভাবেই আপনার ওপর নির্ভর করবে এবং আপনার দিকনির্দেশনা খুঁজবে।
৮. ধারাবাহিকতাকে প্রাধান্য দেওয়া: মাঝে মাঝে দুর্দান্ত কাজ করার চেয়ে প্রতিদিন পরিমিত কিন্তু মানসম্মত কাজ করা অনেক বেশি কার্যকর। আপনার নির্ভরযোগ্যতা যখন একটি নিয়মিত অভ্যাসে পরিণত হবে, তখন সবার চোখে আপনার মূল্য এবং গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে।
৯. নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখা: যেকোনো ছোট সিদ্ধান্তের জন্য অন্যদের অনুমতি বা অনুমোদনের অপেক্ষা করা বন্ধ করুন। পরামর্শ নেওয়া ভালো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিজেই নিন এবং তাতে অটল থাকুন। এই স্বাধীনতা বা স্বনির্ভরতা আপনার ব্যক্তিত্বকে কমান্ডিং বা প্রভাবশালী করে তুলবে।
১০. নিজেকে নিজে মর্যাদা দেওয়া: দুনিয়া আপনাকে ঠিক ততটুকুই সম্মান দেবে, যতটুকু আপনি নিজেকে দেবেন। আপনি যদি নিজের মর্যাদা বজায় না রাখেন বা নিজেকে ছোট করে কথা বলেন, তবে অন্যরাও আপনাকে অবহেলা করবে। নিজের আত্মমর্যাদার সাথে অন্যদের প্রতি দয়ালু ও শ্রদ্ধাশীল আচরণ করুন, সম্মান এমনিতেই আসবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া