

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতারা বলেন, জনগণের বিপুল সমর্থনে অর্জিত এই বিজয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবেন।
এনডিপি নেতারা আরও বলেন, জনগণের প্রত্যাশা এখন নতুন সরকারের ওপর। তারা বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমান জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান সংকট ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেবেন।
বিবৃতিতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের সংস্কৃতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়।
শেষে নেতারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে। পাশাপাশি তারেক রহমান ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এনডিপি নেতারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে দেশ গণতন্ত্র, উন্নয়ন ও মানবাধিকারের ক্ষেত্রে একটি নতুন দিগন্তে প্রবেশ করবে।