

রাজধানীর শাহবাগে ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে ফেসবুকে পোস্ট দেন তিনি।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বেঁচে আছি এখনো।
একটা ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাদের এক শিক্ষার্থীর ওপরে চড়াও হয় ছাত্রদল। তাকে সহযোগিতা করতে যাওয়া আরো কয়েকজন শিক্ষার্থীকে সেখানে আটকে রাখা হয়৷ সূর্যসেন হল সংসদের সদস্য ছোটোভাই আলভিকে মারধর করে সন্ত্রাসীরা।
আমরা ডাকসুর প্রতিনিধি। শিক্ষার্থীদের বিপদে-আপদে আমাদের একটা রেসপনসেবলিটি আছে। মুসাদ্দিক, জুমা, উম্মে সালমা সহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি সেখানে যাই প্রশাসনের সাথে কথা বলে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে৷
থানায় ঢুকার মুখে গেইট থেকেই আমাদের মারধর শুরু করে ছাত্রদলের সন্ত্রাসীরা। দুই শতাধিক সন্ত্রাসী ঘিরে ধরে বৃষ্টির মতো ঘুসি, কিল, লাত্থি...
বাকিটা দেখলেনই! লাস্ট আপডেট বেঁচে আছি এখনো, নাও থাকতে পারতাম হয়তো। আল্লাহর ইচ্ছা। গা-ভর্তি ব্যথা নিয়ে শুয়ে আছি হাসপাতালের বেডে।
যাই হোক, এসব করে আমাদের দমিয়ে রাখা যাবে না৷ সন্ত্রাস, সহিংসতা, গণরুম, গেস্টরুমের কালচার যারাই ফিরিয়ে আনতে চাইবে তাদের সামনেই ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো।
কি আর করবেন? মেরেই ফেলবেন না হয়!! মারেন অসুবিধা নাই। বাট মেরে ফেলার আগ পর্যন্ত এ-লড়াই চলবেই ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকায় মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্রশিবির। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসু দুই শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।