

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনা, মাঠের ভেতর যেমন, মাঠের বাইরেও তেমন। ঠিক সেই ধারাবাহিকতায় এশিয়া কাপের সুপার ফোর ম্যাচকে ঘিরে আবারও বিতর্কের জন্ম দিলেন দুই দেশের ক্রিকেটাররা। সদ্য সুর্যকুমার যাদবকে নিয়ে শোরগোল থামার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার সরাসরি অভিযোগ তুলল ভারতের পেসার আর্শদীপ সিংহের বিরুদ্ধে।
সূত্র মতে, ২১ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তান-ভারত সুপার ফোর লড়াই শেষে আর্শদীপ গ্যালারির দিকে ‘অশোভন অঙ্গভঙ্গি’ করেন বলে অভিযোগ। এ ঘটনায় পিসিবি আইসিসির কাছে লিখিত অভিযোগ দিয়েছে। তাদের দাবি, আর্শদীপের আচরণ কেবল অখেলোয়াড়সুলভই নয়, বরং ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করেছে। তাই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে, ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব আগেই শাস্তির মুখে পড়েছেন। ১৪ সেপ্টেম্বরের গ্রুপ পর্বের ম্যাচ শেষে সেনাবাহিনীকে ঘিরে মন্তব্য করায় তার বিরুদ্ধে অভিযোগ আনে পিসিবি। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সেই আবেদন নাকচ করেন। শেষ পর্যন্ত সুর্যকুমারকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে।
এদিকে ভারতও চুপ করে বসে থাকেনি। বিসিসিআই পাল্টা অভিযোগ তোলে পাকিস্তানের হ্যারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে। ২১ সেপ্টেম্বরের ম্যাচে রউফ গ্যালারির দিকে উস্কানিমূলক ভঙ্গি এবং ফারহানের ‘বুলেট চালানোর’ মতো উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আইসিসি অভিযোগের সত্যতা খুঁজে বের করে রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করে এবং ফারহানকে সতর্কবার্তা দেয়।
ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন দেখিয়ে দিচ্ছে, দুই দেশের লড়াই এখন শুধু রান-উইকেটের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, প্রতিটি ভঙ্গি আর প্রতিটি শব্দও হয়ে উঠছে রাজনৈতিক ও ক্রিকেটীয় দ্বন্দ্বের নতুন উপাদান।