

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ঘিলাঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রুপেশ্বরী নদী পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করত। এ নিয়ে দৈনিক কালবেলায় প্রকাশিত হওয়ার পর তাদের নিরাপদ যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে শিক্ষার্থীদের পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে আপাতত স্বস্তি পেয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
উল্লেখ্য, গত ১৬ মে দৈনিক কালবেলায় ‘জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিয়ে স্কুলে যায় শিশুরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কোমলমতি শিক্ষার্থীরা বই-খাতা মাথার ওপরে তুলে সাঁতরে কিংবা কলাগাছের ভেলায় চড়ে রুপেশ্বরী নদী পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে। বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তার পান্না বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে রুপেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক শিক্ষার্থী জীবনহানির আশঙ্কায় বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়, ফলে লেখাপড়ায় বিঘ্ন ঘটে।
তিনি আরও বলেন, নৌকার ব্যবস্থা হওয়ায় এখন শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদভাবে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে। অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে ঘিলাঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান রানা বলেন, নৌকা সাময়িক সমাধান হলেও শিক্ষার্থীদের নিরাপদ ও স্থায়ী যাতায়াত নিশ্চিত করতে রুপেশ্বরী নদীর ওপর দ্রুত একটি টেকসই সেতু নির্মাণ করা প্রয়োজন। একটি স্থায়ী সেতু নির্মাণ হলে শুধু শিক্ষার্থীরাই নয়, আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষও উপকৃত হবে।