

ইরানের পশ্চিমাঞ্চলের লোরেস্তান প্রদেশের খোররামাবাদের পার্বত্য এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি এ হামলার তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) আইআরআইবি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, খোররামাবাদ শহরের আশপাশের পাহাড়ি এলাকায় অবস্থিত একটি স্থাপনায় এ হামলা চালানো হয়। তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর আনাদোলু এজেন্সির।
এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা জোরদার করেছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে সই করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই সমঝোতার পরও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।