

হরমুজ প্রণালিতে ইরানের পাতা নৌ-মাইন অপসারণে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির কাছে এক গোপন ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য দেন। বৈঠকে কর্মকর্তারা বলেন, হরমুজ সম্পূর্ণরূপে মাইনমুক্ত করতে অন্তত ছয় মাস লাগবে।
সূত্রটি আরও জানায়, ওই বৈঠকে আইনপ্রণেতারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয়, কৌশল ও লক্ষ্য নিয়ে বিস্তারিত জানতে চান। তবে আলোচনার পরও অনেক প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয় তারা। ৪ মার্চ থেকে ইরান প্রণালিকে বন্ধ ঘোষণা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। জাহাজ চলাচলের সংখ্যা দৈনিক ১৩৫টি থেকে কমে শূন্যের কোঠায় নেমে আসে।
এরপর ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ জারি করে। মার্কিন যুদ্ধজাহাজগুলো ওমান উপসাগরে অবস্থান নিয়ে ইরানি জাহাজগুলোকে বাধা দেয়।
এদিকে ইরান ঘোষণা করেছে, মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। সম্প্রতি ইরান দুটি বিদেশি জাহাজ জব্দ করেছে এবং একাধিক জাহাজে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।