কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

আইনের প্রতি শ্রদ্ধা রাখুন

আইনের প্রতি শ্রদ্ধা রাখুন

রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্তত ১৩টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত হতাশার ও উদ্বেগের। যে কোনো অপরাধের বিচারের জন্য আইন-আদালত থাকা সত্ত্বেও মানুষের আইন হাতে তুলে নেওয়ার এ প্রবণতা কোনোভাবেই ভালো কিছুর ইঙ্গিত দেয় না।

ঘটনা সম্পর্কে সোমবার কালবেলায় প্রকাশিত সংবাদে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট গত শনিবার বিকেলে ছড়িয়ে পড়ে। এরপর তা নিয়ে উত্তেজনা তৈরি হয়। সেদিনই সন্ধ্যায় বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রাম থেকে অভিযুক্ত কিশোরকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার সকালে রংপুরের গঙ্গাচড়া ও পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেওয়া হয়। বিকেলের দিকে একটি মিছিল আলদাদপুর গ্রামের দিকে যায়। গ্রামে প্রবেশ করে মিছিলটি হঠাৎই সহিংস রূপ নেয়। এ ঘটনায় বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় তারা। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। দ্রুত সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেন। অভিযুক্ত কিশোরকে রোববার বিকেলে আদালত সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

দেশে ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চড়াও হওয়ার ঘটনা নতুন নয়। অতীতে নাসিরনগর, রামুর মতো সহিংসতা বা ট্র্যাজেডির নজির যেমন রয়েছে; তেমনি বর্তমানেও তা অব্যাহত আছে। অথচ ওইসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, যে অভিযোগ তোলা হয়েছিল, তা সঠিক নয়। এসব ক্ষেত্রে বিশেষভাবে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার বানানো হয়েছে। হয় কারও নামে ফেক আইডি খুলে সেখানে স্ট্যাটাস দেওয়া হয়েছে ধর্মের বিরুদ্ধে; নয়তো কোনো মৌখিক অভিযোগ তুলে মব সৃষ্টি করা হয়েছে। অথবা অন্য কোনো উপায়ে। আবার এসবের পেছনের কারণও ছিল নানা সময়ে নানা রকমের। কারণ যাই থাক, কোনো সম্প্রদায়ের ওপর সহিংস হয়ে ওঠার পেছনে কোনো ধরনের ন্যায্যতা থাকতে পারে না। সমাজ ও রাষ্ট্র তার মান্যতা দেয় না। কারণ সবকিছুর জন্য রয়েছে বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থা। কেউ যদি সত্যিকারই ধর্ম অবমাননার মতো কিছু ঘটিয়েও থাকে, তার জন্য অবশ্যই বিচারের কাঠগড়া রয়েছে। তা তোয়াক্কা না করে কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়া অত্যন্ত বেদনার ও গর্হিত অপরাধ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন ইউএসসিআইআরএফের সাম্প্রতিক তথ্যপত্রে বাংলাদেশে আসন্ন নির্বাচনের সময় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার­ বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সুতরাং সরকারের উচিত এ বার্তাকে যথাযথ গুরুত্বের সঙ্গে নেওয়া।

আমরা মনে করি, রংপুরের সহিংসতাসহ সামগ্রিকভাবেই সমাজ যে একটি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা। প্রায় প্রতিদিনই খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারির মতো অপরাধ সংঘটন তারই সাক্ষ্য দেয়। সরকার ও সংশ্লিষ্টদের যথাসাধ্য প্রচেষ্টা সত্ত্বেও দৃশ্যমান কোনো উন্নতি নেই। আমাদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব এ অবস্থার উন্নতি হবে। পাশাপাশি রংপুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। এটাও মনে রাখতে হবে, সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতি শুধু আইনকানুন দিয়েই হয় না; দরকার সামাজিক-সাংস্কৃতিক চর্চা ও জাগরণ। আইনের প্রতি শ্রদ্ধার পাশাপাশি আবশ্যক পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দায়বোধের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X