আরিফ সরদার, ঝালকাঠি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফল বিশ্লেষণ

আওয়ামী লীগ না থাকায় বিএনপিতেই আস্থা ভোটারদের

ঝালকাঠি
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে বিএনপির সাংগঠনিক উপস্থিতি, প্রার্থীদের ব্যক্তিগত যোগাযোগ এবং উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তা ছাড়া আওয়ামী লীগ না থাকায় ভোটাররা পুরোনো দল হিসেবে বিএনপিতেই আস্থা রেখেছেন। পাশাপাশি ভোটারদের একটি অংশ পরিবর্তনের প্রত্যাশা থেকেও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের সমর্থন দিয়েছেন বলে জানা গেছে। ফলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত দুই আসনেই বিএনপির প্রার্থীরা বিজয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, জেলার দুই আসনে গড় ভোটার উপস্থিতি ছিল ৫৭ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ভোটের হার ছিল ৫৭ দশমিক ২৬ শতাংশ এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ভোটের হার ছিল ৫৮ দশমিক ৩০ শতাংশ।

ঝালকাঠি-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। ফলে এ আসনে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৬ হাজার ৮৯০ ভোট।

বিজয়ের পর রফিকুল ইসলাম জামাল বলেন, ‘এ বিজয় রাজাপুর ও কাঁঠালিয়ার সাধারণ মানুষের। উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় আমি কাজ করে যাব।’ অন্যদিকে পরাজিত প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, প্রভাব বিস্তার ও অনিয়মের মাধ্যমে তাকে হারানো হয়েছে। তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা আমার সঙ্গে রয়েছে, প্রকৃতপক্ষে আমিই জনগণের এমপি।’

এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, নারী ভোটার ১ লাখ ১২ হাজার একজন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। মোট ভোটকেন্দ্র ৯০টি। এর মধ্যে রাজাপুরে ৫০টি এবং কাঁঠালিয়ায় ৪০টি।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট। ফলে এই আসনে ব্যবধান দাঁড়ায় ৪২ হাজার ৮৬৩ ভোট।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ‘সদর ও নলছিটির মানুষ উন্নয়ন ও সুশাসনের পক্ষে রায় দিয়েছেন। আমি তাদের প্রত্যাশা পূরণে কাজ করব।’

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। মোট ভোটকেন্দ্র ১৪৭টি। এর মধ্যে সদরে ৭৭টি এবং নলছিটিতে ৭০টি।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন প্রতিশ্রুতি, এলাকায় ব্যক্তিগত যোগাযোগ এবং দলীয় অবস্থান—এই তিনটি বিষয় বিজয়ী প্রার্থীদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে সড়ক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

উজ্জ্বল রহমান, নাঈম হোসেন, এস এম পারভেজ এবং শাহরিয়ার পাপন নামে কয়েকজন ভোটার জানান, তারা পরিবর্তনের প্রত্যাশা থেকে ভোট দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝালকাঠির দুটি আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকায় দলীয় সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

ঝালকাঠির দুই আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ঝালকাঠি-১ আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থী অংশ নেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছিলেন ১ হাজার ৬২৪ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এজাজুল হক এজাজ পেয়েছিলেন ১ হাজার ২৭২ ভোট, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছিলেন ৩৭০ ভোট, প্রার্থিতা থেকে সরে যাওয়া এম মনিরুজ্জামান মনির ঈগল প্রতীকে পেয়েছিলেন ৬২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মজিবুর রহমান ডাব প্রতীকে পেয়েছিলেন ১৪২ ভোট, তৃণমূল বিএনপির জসিম উদ্দিন তালুকদার সোনালী আঁশ প্রতীকে পেয়েছিলেন ২৮২ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মামুন সিকদার ছড়ি প্রতীকে পেয়েছিলেন ৯৭ ভোট।

এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছিলেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট ছিল ৯৯ হাজার ৮৯০টি এবং বাতিল হয়েছিল ১ হাজার ৪২৫টি।

এ ছাড়া ঝালকাঠি-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৩৭ হাজার ১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন এমরান পেয়েছিলেন ৪ হাজার ৩১৪ ভোট। এনপিপির আম প্রতীকের প্রার্থী মো. ফোরকান হোসেন পেয়েছিলেন ৩ হাজার ২৫০ ভোট। সেই নির্বাচনে এই দুই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X