

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণার অভিযোগে সোহেল রানা নামের এক বিএনপি নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে উপজেলার পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সোহেল রানা স্থানীয় পাড় ভাঙ্গুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।
লিখিত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারি চাউলের কার্ড, নলকূপ, ভিজিডি চাউলের কার্ড, সরকারি ঘর প্রদানের কথা বলে টাকা নিয়েছে সোহেল। টাকা নিলেও সেই সকল প্রতিশ্রুতি পূরণ না করার কারণে অভিযোগকারীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করে। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা অভিযুক্ত নেতা সোহেল রানাকে আটক করে মারধর করেন। পরে উত্তেজিত জনতা সোহেল রানাকে ধরে নিয়ে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করে।
ভুক্তভোগী সবুজ বলেন, প্রায় বছরখানেক আগে টিসিবি কার্ড দেওয়ার কথা বলে ছয় হাজার টাকা নিয়েছেন সোহেল। বছর পেরিয়ে গেলেও সে তার প্রতিশ্রুতি পূরণ করেনি।
ভুক্তভোগী তায়জাল নামের একজন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু সরকারি ঘর প্রদানের কোনো খবর নাই। টাকা ফেরত চাইলে হুমকি দেয়।
সোহেল রানাকে কেন তারা টাকা দিয়েছে এমন প্রশ্ন তোলেন অভিযুক্ত সোহেল রানার স্ত্রী শিখা।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, বিষয়টি নিয়ে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।