

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) আয়োজিত এ অনুষ্ঠান ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষি অর্থনীতির বিকাশে বাংলাদেশ কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তার দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা আজও দেশের জন্য প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি জনবান্ধব, স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি খাল খনন কর্মসূচিসহ কৃষি ও গ্রামীণ উন্নয়নমুখী বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল শহীদ জিয়ার কৃষিনির্ভর উন্নয়ন দর্শন এবং খাল খনন কর্মসূচির নানা দিক তুলে ধরেন।
তিনি বলেন, শহীদ জিয়ার সাড়ে তিন বছরের শাসনামলে নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, পরিচালক আনোয়ার ফারুক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান, সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, এইচআরএমডি’র উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন, অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নূরে আলম শাওন সহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।