

সিলেটে জাল দলিল ব্যবহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলন চেষ্টার অভিযোগে দুই দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন। এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের অধিগ্রহণ শাখায় এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৫৬) এবং জালালাবাদ থানার চাতলীবন্দ গ্রামের আব্দুল্লাহর ছেলে সুজন আলী (৩০)। আতিকুর রহমানকে ৪ মাস এবং সুজন আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন কালবেলাকে বলেন, জাল দলিলের মাধ্যমে টাকা উত্তোলনের চেষ্টা করলে তাদের জালিয়াতি ধরা পড়ে। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা প্রদানসহ হুমকি দেওয়ার অভিযোগে সাজা দেওয়া হয়। পরে রাতে কারাগারে পাঠানো হয়েছে।