

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি নদী শাসনের কাজ বাস্তবায়ন করা হবে।
সোমবার (২ জানুয়ারি) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, নদীভাঙন রোধ ও নাব্যতা বজায় রাখতে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। নদীকেন্দ্রিক এ অঞ্চলের জীবন-জীবিকা ও অর্থনীতি রক্ষায় আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রেজিং, তীর সংরক্ষণ এবং পানিপ্রবাহ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এতে ভাঙন কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবহেলা ও খণ্ডিত উদ্যোগের কারণে নদীভাঙনে অসংখ্য মানুষ সর্বস্ব হারিয়েছে। তাই স্বল্পমেয়াদি পদক্ষেপ নয়, একটি সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের মাধ্যমে নদী শাসনের কাজ করা হবে। স্থানীয় বাস্তবতা, পরিবেশগত ভারসাম্য ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রেখেই পরিকল্পনা গ্রহণ করা হবে।
এর আগে একই দিন সকাল ১১টায় কুচাইপট্রি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র শোনেন।
এছাড়া গত বছরের ৪ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগুনে পুড়ে যাওয়া ১০টি বসতবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় তারা অশ্রুসজল চোখে নির্যাতন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দেন।
পরে দুপুরে কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপনের বাসভবনে আয়োজিত এক উঠান বৈঠকে অংশ নেন অপু।
গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য হারুন অর রশিদ গাজীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টি.আই.এম মহিতুল গনী মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কে.এম সিদ্দিক, সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহমেদ গাজী, কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, সাবেক চেয়ারম্যান আবুল বাসার মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন গাজী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, কুচাইপট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সরদারসহ অনেকেই।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভায় উপস্থিত ছিলেন। মাঠ প্রাঙ্গণটি জনসমাগমে লোকে লোকারণ্য হয়ে ওঠে। উপস্থিত জনতা মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং তার ঘোষিত পরিকল্পনা ও প্রতিশ্রুতিতে উৎসাহ ও সমর্থন প্রকাশ করেন।