

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামে মাদকসেবন ও বাবা-মাকে মারধরের অভিযোগে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযান চলাকালে অভিযুক্তের বিরুদ্ধে তার নিজ বাবা-মা সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘদিন মাদকসেবনের কারণে অভিযুক্ত পারিবারিক অশান্তি সৃষ্টি করছিল এবং বাবা-মাকে মারধর করার অভিযোগ ওঠে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে আরও বলেন, সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।