

কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার (২ মার্চ) রাত ১০টা থেকে ভোররাত ৩টার মধ্যে তার মৃত্যু হয় বলে ধারণা করছেন স্বজনরা। ঘটনাটি ঘটেছে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা মধুঘোনা কলার পাহাড় এলাকায়।
পারিবারের সদস্যরা জানান, মালয়েশিয়া প্রবাসী আব্দুল শুক্কুরের স্ত্রী লালা বিবি (২৮) প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ছেলে আবু বক্কর সিদ্দিক (৭) ও মেয়ে নূর ফাতেমাকে (৪) নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ছেলে ঘুম থেকে উঠে দেখে বিছানায় মা নেই। একপর্যায়ে সে মাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। শিশুটি জানিয়েছে মায়ের কপাল, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তার ডাকাডাকিতে পাশের বাড়ির বাসিন্দা মমতাজ বেগম উঠে আসেন এবং চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দেন। উখিয়া থানা পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহম্মদ বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত কেউ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।