

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং জনগণের সেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
নুরুদ্দিন অপু বলেন, ভেদরগঞ্জের মানুষ আমাকে সবসময় ভালোবাসা ও সহযোগিতা দিয়ে পাশে রেখেছেন। আমি বিশ্বাস করি, জনগণের উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই উন্নয়নের ধারা ভেদরগঞ্জের প্রতিটি ইউনিয়নে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। জনগণ যেন হয়রানি ছাড়া সরকারি সেবা পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। ভেদরগঞ্জকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপ দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে হুইপ বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। মানুষের কল্যাণে যে কোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে থাকব।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুপুরে মহিষার ইউনিয়নের একটি সামাজিক অনুষ্ঠানেও যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদার, আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।