

খুলনার সোনাডাঙায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সোয়া ৪টার দিকে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় র্যাব-৮ ও র্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম খুলনার দৌলতপুর থানার আলমগীর হাওলাদারের ছেলে। গত ২৯ মে খুলনার সোনাডাঙ্গায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। ঘটনার দিন থেকেই আত্মগোপনে ছিল রফিক।
শুক্রবার (৫ জুন) বিকেলে মামলার বরাতে র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ মে রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে সোনাডাঙ্গা থানাধীন তমিজদ্দিন সড়কের দারুল আমান মহল্লায় ভাড়া বাসায় শাশুড়ি বেবী বেগম (৬০) ও তার স্ত্রীর ১ম পক্ষের দুই সন্তান শামীম বেপারী (১৪) এবং মুস্তাকিন বেপারীকে (৪) শ্বাসরোধে হত্যা করে।
ওই ঘটনায় নিহত সন্তানদের বাবা মাসুম বেপারী বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় রফিকুল ইসলামকে। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে ঘুরে বরিশালের কাশিপুর এলাকায় আত্মগোপন করেছিল ট্রিপল মার্ডার মামলার অভিযুক্ত রফিকুল ইসলাম। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার পরবর্তী সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।